বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফের জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০১:২৮ পিএম

ফের জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর

ছবি : সংগৃহীত

গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সময়, স্মৃতি, সম্পর্ক আর রহস্যের ভিন্নধর্মী গল্প নিয়ে এবার নতুন একটি চলচ্চিত্রে ফিরছেন এই জনপ্রিয় জুটি। তানিম নূরের প্রযোজনায় নির্মিতব্য নতুন এই সিনেমার নাম ‘কানাভুলা প্যারাডক্স’।

তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং এর মাধ্যমেই পরিচালক হিসেবে তাদের অভিষেক হতে যাচ্ছে। টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির সমন্বয়ে তৈরি হতে যাওয়া এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রাজ ও সাবিলা। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছেন নির্মাতারা।

লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর প্রকাশিত একই নামের উপন্যাস থেকে সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজের।

পরিচালনার সঙ্গে যুক্ত দুই নির্মাতারই এর আগে চিত্রনাট্য ও পরিচালনার সহযোগী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এর সুবাদে নতুন এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে এরই মধ্যে যথেষ্ট কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।