সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:২৬ পিএম
পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেবল অর্থ আয়ের মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ক্যারিয়ারের দীর্ঘ পথচলা এবং সাম্প্রতিক সময়ে মায়ের সাথে দূরত্বের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের আঘাতের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।
১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। রূপালি পর্দায় প্রবেশের শুরুর দিনগুলোতে শুটিং চত্বরসহ সর্বত্র তার সাথে মাকে দেখা গেলেও পরবর্তী সময়ে তাদের সম্পর্কের অবনতি ঘটে। গণমাধ্যমে অভিনেত্রীর বিরুদ্ধে তার মা বিভিন্ন সময় নানা অভিযোগ তুলে ধরেছিলেন।
দীর্ঘদিনের নীরবতা ভেঙে পপি জানান, যার হাত ধরে চলচ্চিত্রে তার পদার্পণ ঘটেছিল তিনি প্রকৃতপক্ষে তার সৎমা ছিলেন। আক্ষেপ প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, "৩০ বছর কষ্ট করেছি, কখনো আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে ততই চাহিদা বাড়তো।" বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়েই নিজের ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন এই চলচ্চিত্র তারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন