রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দীপিকা ও রণবীরের ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২৭ এএম

দীপিকা ও রণবীরের ঘরে নতুন অতিথি

ছবি: সংগৃহীত

বলিউড তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন অতিথি। শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মা-বাবা হলেন এই তারকা দম্পতি।   সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বার্তার মাধ্যমে তারা এই আনন্দের খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পোস্টে তারা লেখেন, ওয়েলকাম বেবি গার্ল ১৯/৯/২০২৬। নতুন অতিথির আগমনে তাদের প্রথম সন্তান দুয়া এখন বড় বোনের দায়িত্ব পেল। 

তবে নবজাতকের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি তারা।   দ্বিতীয় সন্তানের জন্মের ঠিক আগে গত ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের ঐতিহ্যবাহী সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই তারকা দম্পতি। মন্দিরে প্রার্থনার সময় দীপিকা বেগুনি রঙের পোশাকে সেজেছিলেন এবং রণবীরও তার সঙ্গে মিল রেখে পোশাক পরিধান করেন। দ্বিতীয়বার সন্তান আগমনের খবরটি তারা এর আগে একটি ব্যতিক্রমী ছবি প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। 

সেই ছবিতে প্রথম সন্তান দুয়ার হাতে দুটি গোলাপি দাগযুক্ত গর্ভধারণ পরীক্ষার কিট দেখা গিয়েছিল। ছবিটি প্রকাশের পর থেকেই তাদের অগণিত ভক্ত নতুন অতিথির আগমনের দিন গুনছিলেন।   গত ৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন।   বিশেষ এই দিনটিতে দীপিকা ও রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু সাদা-কালো ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলোতে অন্তঃসত্ত্বা দীপিকার পাশাপাশি রণবীর ও ছোট্ট দুয়ার পারিবারিক মুহূর্ত ফুটে ওঠে। ছবিগুলোর সঙ্গে রণবীর অনুভূতি প্রকাশ করে লিখেছিলেন যে তাদের হৃদয় ও পরিবার আরও বড় হচ্ছে।   

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়েছিল। তার জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তারা। দুয়ার নাম অবশ্য জন্মের দুই মাস পর ২০২৪ সালের নভেম্বরে প্রকাশ্যে আনা হয়েছিল। দ্বিতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতের সহকর্মী এবং ভক্তদের প্রশংসায় ভাসছেন এই জুটি। এখন পরিবারের নতুন সদস্যের নাম কী রাখা হবে তা জানার অপেক্ষায় রয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।