আগস্ট ৭, ২০২৫, ০২:৫৯ পিএম
টলিউডের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলির দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চের পর ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে উঠেছে। এই আলোচনার মধ্যে দেব-শুভশ্রীর সাবেক সম্পর্ক নিয়ে নানা মিমও ভাইরাল হয়েছে। তবে এই সবকিছুকে বেশ ইতিবাচক ও পেশাদারভাবে সামলেছেন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী।
সম্প্রতি গণমাধ্যমে রাজ চক্রবর্তী তার স্ত্রী শুভশ্রীর প্রতি তার সমর্থন এবং ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনো ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক জড়িত থাকে।”
‘ধূমকেতু’ নিয়ে তিনি আরও বলেন, “এই ছবিটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট। উনি বারবার বলতেন—এই ছবিটা মুক্তি পাওয়া দরকার। আমি ছবিটা একটু অন্যভাবে বানিয়েছি। সঙ্গে রয়েছে দেব-শুভশ্রীর জুটি। এখন যেহেতু মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহী হচ্ছেন, হতে পারে এই ছবিটাই আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করবে।”
শুভশ্রীর প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করে রাজ বলেন, “আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাই এই ছবিটাকেও বেশি করে সাপোর্ট করব।”
উল্লেখ্য, ২০১৮ সালে রাজ ও শুভশ্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান, ইউভান ও ইয়ালিনি। সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক ভালোবাসা এবং একে অপরকে 'মাম্মা' বলে ডাকার অভ্যাস ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন