আগস্ট ২২, ২০২৬, ০৮:১৩ পিএম
একসময়ের জনপ্রিয় জুটি হিসেবে টালিগঞ্জের পর্দায় রোমান্টিক আবহ তৈরি করেছিলেন দেব ও শুভশ্রী। নানা কারণে দীর্ঘ এগারো বছর তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন একটি সিনেমায় একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় তারকা জুটি।দর্শকদের জন্য এটি একটি বড় চমক হিসেবে এসেছে।
আসন্ন এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেবকে নিয়ে একটি দীর্ঘ ও প্রশংসাসূচক বার্তা দিয়েছেন শুভশ্রী। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, অভিনেতা হিসেবে তো বটেই, পরিচালক হিসেবে দেবের কাজের ধরন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শুরুতে কিছুটা ঈর্ষা কাজ করলেও কাজের মান ও নিষ্ঠা দেখে তা পরবর্তীতে অনুপ্রেরণায় রূপ নেয়। পরিচালক হিসেবে দেবের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
আসন্ন এই চলচ্চিত্রে দেব ও শুভশ্রীর পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকারও অভিনয় করছেন। তারকাখচিত এই সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ষোলই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন