রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিয়ে বিতর্কে পরিচালক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৯ এএম

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিয়ে বিতর্কে পরিচালক

ছবি - সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানকে ভারত ছেড়ে দুবাইতে স্থায়ীভাবে বসবাসের পরামর্শ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। তিনি বলেছেন, শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ (প্রার্থনা) আর দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’ (স্বর্গ)। তাই তার এখন ‘জান্নাতেই’ থাকা উচিত, ‘মান্নাতে’ নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অভিনবের দাবি, “এই দেশে (ভারতে) থেকে শাহরুখের শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা, চাহিদার কোনো শেষ নেই। কিন্তু তার স্বর্গ অর্থাৎ জান্নাত যেহেতু দুবাইতে, তাহলে তিনি ভারতে কী করছেন?”

অভিনব কাশ্যপ শাহরুখের সাম্প্রতিক একটি সিনেমার জনপ্রিয় সংলাপ “ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো”—এরও সমালোচনা করেন। তিনি বলেন, “এ ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। ওরা কি আমাদের খেতে দেন?”

পরিচালকের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শাহরুখ খানের ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন, অভিনব কাশ্যপ বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই আলোচনায় আসার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারকাদের আক্রমণ করছেন।উল্লেখ্য, অভিনব কাশ্যপ এর আগেও সালমান খান ও তার পরিবারকে আক্রমণ করে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারকাদের বিরুদ্ধে ধারাবাহিক এমন মন্তব্যের কারণে তিনি প্রায়শই সংবাদ শিরোনাম হন।