রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’, যশকে নিয়ে লিখলেন নুসরাত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১১:৫৮ এএম

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’, যশকে নিয়ে লিখলেন নুসরাত

ছবি - সংগৃহীত

গত কয়েক মাস ধরে টালিউড তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে যে ভাঙনের গুঞ্জন চলছিল, তাতে যেন প্রলেপ দিলেন নুসরাত নিজেই। শুক্রবার (১০ অক্টোবর) ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের দেওয়া একটি পোস্ট তাদের সম্পর্কের শীতলতা কাটিয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

দিনটি উপলক্ষে নুসরাত ইনস্টাগ্রামে তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও কোলাজ শেয়ার করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, “বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে এখন আমরা নিজেদের সঙ্গেই লড়ছি—তবুও টিকে আছি! হাসাহাসি থেকে ঝগড়া পর্যন্ত সবকিছুতেই আমরা পারদর্শী। আমার প্রিয় মাথাব্যথার কারণকে জন্মদিনের শুভেচ্ছা; জীবনটা হোক সুখ, শান্তি আর সাফল্যে ভরা।”

নুসরাতের এই ‘লড়াই’ এবং ‘মাথাব্যথা’র মতো শব্দগুলো তাদের সম্পর্কের টানাপোড়েনের কথাই স্বীকার করে নেয়, কিন্তু ‘টিকে আছি’ কথাটি ভক্তদের মনে স্বস্তি এনে দিয়েছে।

নুসরাতের এই পোস্টের নিচে যশের উত্তর ছিল আরও মজাদার। তিনি মন্তব্য করেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমি ছাড়া আর কেউই আমাকে ‘মাথাব্যথা’ বললে এতটা মিষ্টি শোনাতে পারবে না। এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চলো, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”

তাদের এই খুনসুটিপূর্ণ কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগেও যেখানে তারা একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন এবং সন্তানদের নিয়ে আলাদা আলাদা জায়গায় ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে এই পোস্টটি তাদের সম্পর্কের বরফ গলারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্ত ও অনুরাগীরা।