রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১২:২৫ পিএম

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

ছবি - সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাহুবলী’ মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। তবে এবার কোনো নতুন সিক্যুয়েল হিসেবে নয়, বরং পরিচালক এস. এস. রাজামৌলি ভক্তদের জন্য নিয়ে আসছেন এক বিশেষ চমক। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)—এই দুটি ছবিকে এক করে একটি পূর্ণাঙ্গ সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হবে।

প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ সংস্করণে কোনো বিরতি ছাড়াই পুরো গল্পটি উপভোগ করতে পারবেন দর্শকরা। শুধু তাই নয়, এবারের সংস্করণে যুক্ত করা হচ্ছে বেশ কিছু নতুন দৃশ্য, যা আগের দুটি সিনেমার এডিটিংয়ের সময় বাদ পড়েছিল। রাজামৌলি প্রায় ১১ ঘণ্টার ফুটেজ থেকে ছবি দুটি নির্মাণ করেছিলেন, এবার সেই অদেখা কিছু মুহূর্ত দেখার সুযোগ পাবেন ভক্তরা।

প্রযোজক শোবু আরও জানান, “এটি ‘বাহুবলী থ্রি’ নয়, বরং বাহুবলীর জগতকে নতুন করে উপস্থাপন করার একটি প্রচেষ্টা। তবে ভবিষ্যতে এই গল্প আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”এই বিশেষ সংস্করণটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর। দর্শকদের পুনরায় সিনেমা হলে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে নেটফ্লিক্সসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে ‘বাহুবলী’র পুরোনো সংস্করণগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া অভিনীত এই ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। দশ বছর পরও ‘কাটাপ্পা কেন বাহুবলীকে মারল?’—এই প্রশ্নের উত্তেজনা নিয়েই ভক্তরা আবারও প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।