রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ‘এমা অ্যাওয়ার্ড’ জিতল বাংলাদেশের ‘নিশি’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৭:৩২ পিএম

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ‘এমা অ্যাওয়ার্ড’ জিতল বাংলাদেশের ‘নিশি’

ছবি - সংগৃহীত

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আবারও বিজয়ী হলো বাংলাদেশ। তরুণ নির্মাতা গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে ‘স্টুডেন্ট ফিল্ম’ ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। এই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই সম্মানজনক পুরস্কারটি পেল।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে পুরস্কার বিজয়ী হিসেবে ‘নিশি’র নাম ঘোষণা করা হয়।পুরস্কার প্রাপ্তির পর উচ্ছ্বসিত নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে আমাদের ‘নিশি’ পুরস্কার জিতেছে, যা বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমার যাত্রাকে আরও বেগবান করবে। আমি সব সময় প্রাণ-প্রকৃতির গল্পই বলে যেতে চাই।”

‘নিশি’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে চা বাগানের এক কন্যাশিশুকে কেন্দ্র করে। পানির তীব্র সংকটের কারণে যার পড়ালেখা বন্ধ হয়ে যায় এবং তাকে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলে। ইউরোপীয় ইউনিয়ন, ইউনেস্কো ঢাকা এবং গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্সের সহযোগিতায় নির্মিত এই ছবির শুটিং হয়েছে সিলেটের একটি চা বাগানে।

উল্লেখ্য, ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে এবং চিত্রগ্রহণে ছিলেন ওই ফিল্ম স্কুলেরই  (স্নাতক) নাতালিয়া পুসনিক, যা ছবিটিকে একটি আন্তর্জাতিক মান দিয়েছে। নির্মাতা জানিয়েছেন, ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর শিগগিরই বাংলাদেশেও এর প্রদর্শনীর আয়োজন করা হবে।