রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৪০ এএম

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

ছবি- সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তার এই অসুস্থতার খবরে গোটা দেশবাসীর পাশাপাশি উদ্বিগ্ন ও ব্যথিত হয়েছেন তার সহকর্মীরা। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর তার প্রিয় সহকর্মী ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চনের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন।

সম্প্রতি শাবনূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘বর্ষীয়ান অভিনেতা ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।’

চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে তার সামাজিক দায়বদ্ধতার কথাও তুলে ধরেন শাবনূর। তিনি ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে আরও লেখেন, ‘আমাদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।’

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন চলতি বছরের শুরু থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী রোজিনা।