অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৫০ পিএম
দেশে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও এবার উত্তর আমেরিকার বাজারে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত চলচ্চিত্র ‘নীলচক্র’। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘বায়োস্কোপ ফিল্মস’।
বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, প্রথম ধাপে শুধু যুক্তরাষ্ট্রেই ২৪টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকোর মতো গুরুত্বপূর্ণ শহর। পাশাপাশি কানাডার টরন্টো, ক্যালগেরিসহ বেশ কয়েকটি শহরেও ছবিটি প্রদর্শিত হবে।
পরিবেশক সংস্থার কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা লাস ভেগাসে ছবিটির প্রিভিউ দেখার পরই সিদ্ধান্ত নিই, এটি উত্তর আমেরিকায় মুক্তি দেব। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী আমার মতে ‘নেক্সট সুপারস্টার’ এবং ছবির গল্পটিও দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”
‘নীলচক্র’ সিনেমার গল্পটি আধুনিক প্রযুক্তি এবং এর আড়ালে থাকা মানবিক সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। মিঠু খান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী এবং প্রিয়ন্তী ঊর্বীর মতো শিল্পীরা।ছবিটির আনুষ্ঠানিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন