রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল টেট

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৫:২০ পিএম

মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল টেট

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘৯-১-১ : ন্যাশভিল’-এর তরুণ অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। গত ১৯ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে অভিনেত্রীর স্বত্বাধিকারী এজেন্সি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে। ইসাবেলের এই অকাল প্রয়াণে মার্কিন বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ইসাবেল জন্মগতভাবেই এক জটিল স্নায়ুবিক রোগে ভুগছিলেন। এই বিরল রোগটি তার পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল।

রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অব সিরিজ ‘৯-১-১: ন্যাশভিলের’ পাইলট পর্বে জুলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ইসাবেল টেট আলোচনায় আসেন। চলতি অক্টোবর মাসেই সিরিজটি সম্প্রচারিত হয় এবং এটিই ছিল তার অভিনয় জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। দুঃখজনক হলেও সত্যি, যে কাজটি তাকে পরিচিতি এনে দিয়েছিল, সেই সিরিজটি প্রচারের মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্বকে বিদায় জানালেন এই প্রতিভাবান অভিনেত্রী।

তার মৃত্যুর খবরে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।ইসাবেলের এজেন্সি থেকে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে জানানো হয়, তারা ইসাবেলকে (ডাকনাম ইজি) কিশোরী বয়স থেকেই চিনতেন।সম্প্রতি তিনি অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন এবং ফিরেই প্রথম অডিশনেই এই বড় কাজটি পেয়ে যান।

শুটিং সম্পন্ন করে নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি অত্যন্ত খুশি ও উচ্ছ্বসিত ছিলেন। ন্যাশভিলে জন্ম ও বেড়ে ওঠা ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। বিনোদনের জগতে তার পথচলা সবে শুরুই হয়েছিল। আজ শুক্রবার (২৪ অক্টোবর) টেনেসিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।