রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডিজায়ার আন্ডার দ্য এলমস’ নিয়ে মঞ্চে জবি শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৮:০১ পিএম

ডিজায়ার আন্ডার দ্য এলমস’ নিয়ে মঞ্চে জবি শিক্ষার্থীরা

ছবি - সংগৃহীত

সাহিত্যে নোবেলপ্রাপ্ত প্রখ্যাত মার্কিন নাট্যকার ইউজিন ও’নীলের বিখ্যাত ট্র্যাজেডি নাটক ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় এই নাটকটি মঞ্চে আসছে। দর্শকনন্দিত এই নাটকটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী।আগামী শনিবার (২৫ অক্টোবর) ও পরদিন রোববার দুই দিনব্যাপী নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় টিকিটের বিনিময়ে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা। তিনি জানান, এটি শুধু একটি পারিবারিক সংঘাতের গল্প নয়, বরং মানুষের গভীরতম আকাঙ্ক্ষা, অপরাধবোধ এবং মুক্তির তীব্র অনুসন্ধানের এক জটিল আখ্যান।

সম্পূর্ণ আমেরিকান পটভূমিতে রচিত এই নাটকের চরিত্ররা সবাই ভালোবাসা খোঁজে, কিন্তু তাদের সেই ভালোবাসা অধিকার, ঈর্ষা ও দোষবোধের সঙ্গে মিশে থাকে, যা নাটকের মূল ‘ইচ্ছা’ বা ‘ডিজায়ার’-কে জটিল করে তোলে।নাটকের বিখ্যাত এফরায়েম ক্যাবট চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, এটি একটি প্রতীকী চরিত্র, যার নিঃসঙ্গতা মঞ্চে ধারণ করা সহজ ছিল না। বাইরে দৃঢ় হলেও ভেতরে অসহায় এই দ্বৈততাই নাটকের মূল ব্যথা। অ্যাবেন চরিত্রে মনন মোস্তাকিন জানান, মায়ের স্নেহবঞ্চিত এবং বাবার প্রতি প্রচণ্ড রাগ—এই দুইয়ের মধ্যকার লড়াই ও দোটানার জায়গাটি তিনি মঞ্চে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

অ্যাবি চরিত্রে অভিনয় করা রোকসানা আক্তার সায়মা বলেন, তার চরিত্রটি ভালোবাসা পেতে চায় কিন্তু সমাজ ও পরিস্থিতির কারণে ভয়ও পায়। তিনি দর্শকের কাছে চরিত্রটির ভেতরের কষ্ট ও মায়া পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।প্রযোজনাটিতে আরও অভিনয় করেছেন শোভন, খুশি, মিঠুন, জ্যা চাকমা, অর্থি, পলক, রিভা, ইসরাত, সুরুজ ও তুলি। আবহ সংগীতে আছেন নওমী, শোভন, পলক ও সুরুজ এবং আলোক প্রক্ষেপণে রয়েছেন খন্দকার রাকিবুল হক ও রাজিন।