রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলায় মুক্তি পাবে প্রভাসের ‘ফৌজি’ সিনেসা

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০১:৫৫ পিএম

বাংলায় মুক্তি পাবে প্রভাসের ‘ফৌজি’ সিনেসা

ছবি - সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাস তার ৪৬তম জন্মদিনে ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এলেন। গত ২৩ অক্টোবর তিনি তার পরবর্তী সিনেমার প্রথম লুক প্রকাশ করেছেন, যার নাম ‘ফৌজি’। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করে। প্রকাশিত পোস্টারে প্রভাসকে তার চিরচেনা ‘বাহুবলী’র মতোই শক্তিশালী এবং আকর্ষণীয় রূপে দেখা গেছে, যা ছবির চরিত্র ও প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিচ্ছে।

তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া দিকটি হলো, এতে একটি জ্বলন্ত ব্রিটিশ পতাকা দেখা যাচ্ছে, যা স্পষ্ট করে দেয় সিনেমাটি স্বাধীনতা-পূর্ব প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে।দক্ষিণের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান থ্রিথি মুভি মেকারস জানিয়েছে, ‘সিতা রামাম’ খ্যাত জনপ্রিয় নির্মাতা হনু রাঘবপুদি এই নতুন সিনেমাটি পরিচালনা করবেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন প্রভাস।

তবে প্রভাসের বাঙালি ভক্তদের জন্য আরও একটি বড় সুখবর হলো, ‘ফৌজি’ ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষার পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে। এর আগে কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ একমাত্র দক্ষিণি সিনেমা হিসেবে বাংলা ভার্সনে মুক্তি পেয়েছিল। সেই হিসেবে, এটিই হতে যাচ্ছে প্রভাসের প্রথম কোনো সিনেমা যা সরাসরি বাংলায় মুক্তি পাবে।

প্রযোজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প ১৯৪০-এর দশকের পটভূমিতে তৈরি হচ্ছে, যখন ভারতবর্ষ ব্রিটিশদের শাসনাধীন ছিল। এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার প্রভাসকে একজন ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। গল্পের এক পর্যায়ে তিনি ব্রিটিশদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে একাই রুখে দাঁড়াবেন। ‘ফৌজি’ সিনেমায় প্রভাসের নায়িকা হিসেবে অভিনয় করবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি।

এ ছাড়াও ছবির আকর্ষণ বাড়াতে যুক্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা এবং অনুপম খেরের মতো दिग्गज তারকারা। শিগগিরই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষ ২০২৩ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রভাসকে দেখা গিয়েছিল। ভক্তরা এখন ‘ফৌজি’ কবে মুক্তি পাবে সেই ঘোষণার অপেক্ষায় আছেন।