অক্টোবর ৩০, ২০২৫, ০২:১৫ পিএম
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে যখন চলচ্চিত্র জগতে বিতর্ক চলছে, ঠিক তখনই সেই দাবির পক্ষে জোরালো সমর্থন জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মাতৃত্ব ও পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে কোয়েল এই দাবিকে ‘একদমই ন্যায্য’ বলে অভিহিত করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন, ‘আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর তিনি নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা একেবারেই ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।’
কোয়েল মনে করেন, মাতৃত্বের পর একজন অভিনেত্রীর কাজের সময়সীমা বেঁধে দেওয়াটা স্বাভাবিক। ব্যক্তিগত জীবন এবং পেশাদার দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখানে মূল বিষয়।
তবে কোয়েল শুধু শিল্পীর দিকটিই নয়, প্রযোজনা সংস্থাগুলোর চ্যালেঞ্জও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, তখন প্রতিদিনের এবং প্রতি ঘণ্টার খরচ থাকে। একটা বড় সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। সেই কারণে বিষয়টি শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।’
দুই সন্তানের মা হয়েও কোয়েল মল্লিক টলিউডে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী এবং মা—এই দুই ভূমিকার ভারসাম্য থেকেই তিনি দীপিকার অবস্থানকে সমর্থন করেছেন। দীপিকার দাবি নিয়ে যখন বলিউড দ্বিধাবিভক্ত, তখন কোয়েলের এই সমর্থনকে টলিউড থেকে পাঠানো এক সংহতির বার্তা হিসেবে দেখছেন অনেকেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন