নভেম্বর ৭, ২০২৫, ১০:৫২ এএম
বলিউড বাদশা শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খানের যুগলবন্দি সিনেমায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত একটি ওয়েব সিরিজে স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন শাহরুখ। শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ির পর এবার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান। তবে মেগাস্টার বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরও পোক্ত হতে চাইছেন শাহরুখপুত্র। সেই কারণেই আগে তিনি অন্য একটি সিনেমা তৈরি করবেন। এরপরই তিনি শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন।
সূত্রের খবর অনুযায়ী, আরিয়ান চান নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে তিনি কোনো রকম তাড়াহুড়ো করতে চাইছেন না।উল্লেখ্য, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এ ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্য অনেকে অভিনয় করেছেন। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি দর্শকের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন