রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেলেন উত্তম কুমারের নায়িকা ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৩:৪৯ পিএম

মারা গেলেন উত্তম কুমারের নায়িকা ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত

বলিউডের এক সময়ের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত আর নেই। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।অভিনেত্রীর ভাই সুরকার ললিত পণ্ডিত জানিয়েছেন, সুলক্ষণা পণ্ডিত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। এদিন রাত ৮টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সুলক্ষণা পণ্ডিত শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন। ১৯৬৭ সালে ‘তকদির’ ছবিতে তার গাওয়া ‘সাত সমুন্দর পার সে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। হিন্দি ছাড়াও তিনি বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন। ১৯৮০ সালে তার গাওয়া গজল অ্যালবাম ‘জজবাত’ বেশ জনপ্রিয়তা পায়।

১৯৭৫ সালে তিনি সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ ছবি দিয়ে অভিনয় শুরু করেন। সাত ও আটের দশকে তিনি একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘সংকোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’ ও ‘ধর্মকান্তা’।

বাংলা ছবিতেও সুলক্ষণা পণ্ডিতের অভিনয় রয়েছে। ১৯৭৮ সালে তিনি কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে ‘বন্দী’ ছবিতে অভিনয় করেন। এছাড়া জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও তিনি একাধিক ছবিতে কাজ করেছেন।১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক’ কনসার্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এই গুণী শিল্পী।