সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৬:৩৫ পিএম
আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। দখল ও দূষণের শিকার একটি জলপথকে নান্দনিক জনপরিসরে রূপান্তর এবং পরিত্যক্ত জলাশয়কে আধুনিক নগর পার্কে পরিবর্তনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের সাধারণ সভায় ২০২৬ সালের সামাজিক প্রভাব পুরস্কারের আঞ্চলিক বিভাগে প্রকল্প দুটি আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষিত হয়।
পরিবেশ রক্ষায় এটি এক অনন্য জাতীয় স্বীকৃতি। বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে নকশা প্রণয়নকারী পরামর্শক প্রতিষ্ঠান ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং প্রধান স্থপতি ইকবাল হাবিব এই পুরস্কার গ্রহণ করেন।
প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগপথ হিসেবে ব্যবহৃত হলেও বর্জ্য ও দখলের কারণে তা মৃতপ্রায় হয়ে পড়েছিল। পরবর্তীতে বিশ্বব্যাংকের সহায়তায় জলপ্রবাহ পুনরুদ্ধার, দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ, সেতু স্থাপন ও সবুজায়নের মাধ্যমে পরিবেশবান্ধব উন্মুক্ত চত্বর তৈরি করা হয়।
এর আগে এই খাল প্রকল্পটি ২০১৬ সালে এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড লাভ করেছিল। অন্যদিকে দেওভোগ এলাকার ১৮ একর ময়লার ভাগাড় ও পরিত্যক্ত জলাশয় সংস্কার করে গড়ে তোলা হয় আধুনিক সিটি পার্ক। ঘনবসতিপূর্ণ এই শিল্পনগরে উন্মুক্ত বাতাস, শরীরচর্চা ও পরিবারের সময় কাটানোর সুযোগ তৈরি করে দুটি প্রকল্পই এখন নারায়ণগঞ্জের টেকসই নাগরিক জীবনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন