রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবিতে ‘ওমেন্স হেলথ ক্যাম্প’ আগামীকাল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:১০ পিএম

ঢাবিতে ‘ওমেন্স হেলথ ক্যাম্প’ আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) 'ওমেন্স হেলথ ক্যাম্প' অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি অনুষদ 'ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে' উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পে দুজন নারী গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন।

ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, অনিয়মিত মাসিক, একনি, এন্ডোমেট্রিওসিস, ভিটামিন ও আয়রনের ঘাটতি, থাইরয়েড সমস্যা এবং স্তন ও জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।