শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে চার শিশু হাম ও রুবেলায় আক্রান্ত

রবিউল এহ্সান রিপন

এপ্রিল ১, ২০২৬, ১০:৪৩ এএম

ঠাকুরগাঁওয়ে চার শিশু হাম ও রুবেলায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ে চার শিশুর শরীরে হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন হামে এবং দুজন রুবেলায় আক্রান্ত। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের শরীরে তীব্র জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিচ্ছে। 

চিকিৎসকরা বলছেন, হাম একটি অতি সংক্রামক রোগ যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে রুবেলা সাধারণত কম গুরুতর হলেও শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এই রোগ থেকে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদানে অনীহা বা কোর্স সম্পন্ন না করার কারণে এমন সংক্রমণ দেখা দিতে পারে। শিশুদের নির্ধারিত সময়ে এমআর বা হাম-রুবেলা টিকা নিশ্চিত করা জরুরি।

কোনো শিশুর শরীরে জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুকে সুস্থ শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, হাম মোকাবিলায় হাসপাতালে ইতোমধ্যে চার শয্যার একটি আলাদা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। দুজন শিশু হামে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তারা সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান এ প্রসঙ্গে বলেন, আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২০১৮ সালের পর জেলায় বড় কোনো আনুষ্ঠানিক টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় এই সমস্যাটি দেখা দিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, পরীক্ষার জন্য ছয়জন শিশুর নমুনা পাঠানো হয়েছিল, যার মধ্যে চারজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ যেন নতুন করে না ছড়ায়, সেজন্য সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে আসার আহ্বান জানান তিনি।