রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হামের প্রকোপ কমছে না, ফের ২ শিশুর প্রাণহানি

স্বাস্থ্য ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৬:২৯ পিএম

হামের প্রকোপ কমছে না, ফের ২ শিশুর প্রাণহানি

হামে আরও ২ শিশুর মৃত্যু।

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশু রয়েছে। 

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামে নিশ্চিতভাবে মোট ৪৯ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। 

এই সময়ে আরও ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫ হাজার ২৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ২৫ হাজার ১৫৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৫৬ জন শিশু।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা শিশুদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত এই প্রতিবেদন প্রকাশ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।