মে ২, ২০২৬, ০৪:১৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩২৫ জনের মধ্যে এই রোগের উপসর্গ পাওয়া গেল। প্রতিবেদনটি গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে শিশুমৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৯ জন। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট ২৮৪ জনের মৃত্যু হয়েছে।বিগত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে গত দেড় মাসে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২১৮ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১১ জন এবং এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭৫ জন।তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। অন্যদিকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৩ হাজার ২২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন