রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৩৪ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

হামে মৃত্যুর পরিসংখ্যান

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৬ জন মারা গেছেন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হামজনিত কারণে মারা গেছেন আরও ৩৫৬ জন। অর্থাৎ গত প্রায় দুই মাসে হাম ও এর উপসর্গে মোট ৪২৪ জনের প্রাণহানি ঘটেছে।

আক্রান্তের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। এছাড়া একই সময়ে সারা দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন আরও ৫১ হাজার ৫৬৭ জন।

হাসপাতালে ভর্তির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ৩৬ হাজার ৮৮১ জন। বর্তমানে আক্রান্তদের বড় একটি অংশ দেশের বিভিন্ন বিশেষায়িত ও সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা।