মে ১৮, ২০২৬, ১০:২২ এএম
দেশে শিশুদের পাশাপাশি বিভিন্ন এলাকায় এখন প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের কিছু অঞ্চলে কুড়ি বছরের বেশি বয়সীরা এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের তীব্রতা বাড়ায় কোনো কোনো এলাকায় হাসপাতালে বড়দের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডও চালু করতে হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে হাম শিশুদের জন্য যতটা উদ্বেগের বড়দের জন্য পরিস্থিতি ততটা জটিল নয়।স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী গতকাল রোববার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই সংক্রমণ দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত মাসের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই এই রোগ ছড়িয়ে পড়েছে। সংস্থাটি টিকার তীব্র ঘাটতি ও ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ঢাকার ডিএনসিসি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বড়দের হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার খবর এখনো তাদের কাছে পৌঁছায়নি। ঢাকার বাইরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন বয়স্ক রোগীকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রহমান জানান চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা গুরুতর নয় এবং তারা দ্রুত সেরে উঠছেন।
স্বাস্থ্য বিভাগের উপপরিচালক সৈয়দ আবু আহাম্মদ শফি জানান সাধারণত বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় আক্রান্ত হওয়ার প্রবণতা কম থাকে। কিন্তু ক্যানসার, যক্ষ্মা কিংবা স্টেরয়েড নেওয়ার কারণে শরীর দুর্বল হলে যে কেউ আক্রান্ত হতে পারে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৫৮ হাজার মানুষ সন্দেহজনক হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের হামে আক্রান্ত হওয়ার খবর সুনির্দিষ্টভাবে আলাদা করা যায়নি।টিকা দেওয়ার হার কমে যাওয়ায় মূলত হার্ড ইমিউনিটি বা সামষ্টিক রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে।
সংকট মোকাবিলায় সরকার নতুন করে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে এবং ইপিআই কর্মসূচিতে শিশুদের হামের টিকা দেওয়ার বয়স নয় মাস থেকে কমিয়ে ছয় মাসে আনা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন জানান ক্যানসারের কেমোথেরাপি বা কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন এমন ব্যক্তিরা বড় বয়সে আক্রান্ত হলে বেশি ঝুঁকিতে থাকেন। শুধু বাংলাদেশ নয়, দ্য ল্যানসেট জার্নালের তথ্য অনুযায়ী গত ২০ বছরের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বজুড়ে সর্বোচ্চ হামের প্রাদুর্ভাব দেখা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন