জুলাই ৬, ২০২৬, ০২:৪৯ পিএম
খেলার মাঠের উত্তেজনা গ্যালারি ছাড়িয়ে ভক্তদের বসার ঘর পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় দলটি মাঠে নামলে ভক্তদের হৃৎস্পন্দন বেড়ে যায়; প্রতিটি ভালো মুভমেন্টে যেমন আনন্দের জোয়ার বয়ে যায়, তেমনি একটি ভুল চালে মুহূর্তে তৈরি হয় রাগ বা হতাশা।গবেষণায় দেখা গেছে, একনিষ্ঠ ভক্তরা দলের পারফরম্যান্সকে নিজেদের সাফল্যের সঙ্গে গুলিয়ে ফেলেন। দল হারলে ভক্তরা বিষণ্ণতায় ডুবে যান, যাকে মনোবিজ্ঞানের ভাষায় ‘স্পোর্টস ফ্যান ব্লুজ’ বলা হয়। এটি মানুষের আত্মসম্মানবোধ কমিয়ে দিতে পারে। তবে মনে রাখা জরুরি, খেলার ফলাফল পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরের বিষয়।
প্রিয় দল হারলে মন ভালো করার ৫টি কার্যকর উপায় নিচে দেওয়া হলো:
১. ক্ষোভ প্রকাশের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন: হারের পর দীর্ঘ সময় ধরে দুঃখ নিয়ে পড়ে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হারের পর আবেগ প্রকাশের জন্য সর্বোচ্চ এক ঘণ্টা সময় দিন। এরপর অন্য কোনো কাজ বা প্রসঙ্গে মনোযোগ দিন।
২. সোশ্যাল মিডিয়া ও বিশ্লেষণ থেকে দূরে থাকুন: খেলার পরপরই ফেসবুক বা এক্স-এর মতো সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বিপক্ষ দলের ভক্তদের ট্রল বা নেতিবাচক মন্তব্য আপনার মেজাজ আরও বিগড়ে দিতে পারে।
৩. শরীরচর্চা বা ঘাম ঝরানো: মানসিক চাপ কমাতে ব্যায়ামের বিকল্প নেই। হারের ফলে শরীরে যে ‘কর্টিসল’ বা স্ট্রেস হরমোন তৈরি হয়, তা কমাতে ১০ থেকে ৩০ মিনিটের ব্যায়াম অত্যন্ত কার্যকর।
৪. সৃজনশীল কাজে যুক্ত হোন: খেলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে গান শোনা, পছন্দের পডকাস্ট, ডায়েরি লেখা কিংবা ছবি আঁকার মতো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
৫. বহুমুখী শখ গড়ে তুলুন: নিজের পরিচয় কেবল একজন ফ্যান হিসেবে সীমাবদ্ধ না রেখে বহুমুখী শখ গড়ে তুলুন। সৃজনশীল কাজ বা নতুন কিছু শেখার মতো শখগুলো আপনাকে বহুমুখী ব্যক্তিত্ব দেবে।
পরাজয়ের পর কয়েক দিন মন খারাপ থাকা স্বাভাবিক, কিন্তু এই বিষণ্ণতা যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন