নভেম্বর ২০, ২০২৫, ১০:৪৭ পিএম
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। ক্রমবর্ধমান কনটেন্ট তৈরি এবং ভাইরাল ভিডিওর কারণে এই শিল্প এখন বহু বিলিয়ন ডলারের বাজারে রূপ নিয়েছে।
এই পরিস্থিতিতে কনটেন্ট নির্মাতাদের মনে একটি বড় প্রশ্ন জাগে, ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে দ্রুত এবং বেশি আয় করা সম্ভব? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ বিষয়ে একটি তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউটিউব দীর্ঘদিন ধরেই ক্রিয়েটরদের জন্য আয়ের নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মে আয়ের সুযোগ তৈরি হয় মূলত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে।
ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হলে একটি চ্যানেলে অন্তত ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকার শর্ত পূরণ করতে হয়। একবার এই শর্ত পূরণ হলে ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হয় এবং সেখান থেকে কনটেন্ট ক্রিয়েটররা আয় করতে পারেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে ১০,০০০ ভিউতে গড়ে ১ থেকে ৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ থেকে ৪০০ টাকা) পাওয়া যায়।
তবে আয়ের পরিমাণ ভিডিওর ধরন, দর্শকদের অবস্থান এবং বিজ্ঞাপনের প্রকৃতির ওপর নির্ভর করে; সাধারণত প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতি বিষয়ক ভিডিওতে এই আয় তুলনামূলকভাবে বেশি হয়।অন্যদিকে, ইনস্টাগ্রামে আয়ের পদ্ধতি কিছুটা ভিন্ন। এখানে সরাসরি ভিউ অনুযায়ী টাকা পাওয়া যায় না। ইনস্টাগ্রামে আয়ের প্রধান উৎস হলো ব্র্যান্ড প্রোমোশন, স্পনসরড পোস্ট এবং কিছু দেশে রিলস বোনাস প্রোগ্রাম। যেহেতু বোনাস প্রোগ্রাম সব দেশে উপলব্ধ নয়, তাই ভারতে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার স্পনসরড কন্টেন্ট এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করেন।
জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি স্পনসরড পোস্ট বা রিল থেকে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব হতে পারে। অর্থাৎ সরাসরি ভিউ না হলেও, ব্র্যান্ড ডিলের মাধ্যমে বড় আয়ের সুযোগ তৈরি হয় ইনস্টাগ্রামে।দ্রুত আয়ের দিক থেকে বিবেচনা করলে ইনস্টাগ্রাম কিছুটা এগিয়ে থাকতে পারে। কারণ এখানে ইউটিউবের মতো কঠোর যোগ্যতার শর্ত নেই। একটি ভাইরাল রিল অল্প সময়ের মধ্যেই ব্র্যান্ডের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং দ্রুত অর্থ উপার্জনের পথ খুলে দিতে পারে।
অন্যদিকে, ইউটিউবে আয় শুরু করতে চ্যানেলের যোগ্যতা অর্জন করা তুলনামূলকভাবে সময়সাপেক্ষ। সারসংক্ষেপে বলা যায়, ভিউভিত্তিক আয়ের জন্য ইউটিউব বেশি লাভজনক হলেও, দীর্ঘমেয়াদে ব্র্যান্ড ডিল এবং দ্রুত জনপ্রিয়তা অর্জনের জন্য ইনস্টাগ্রামকে বেশি সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। দুই প্ল্যাটফর্মই আলাদা সুবিধা দেয় এবং কনটেন্ট ক্রিয়েটরের কৌশল, সময় ও লক্ষ্য অনুযায়ী আয়ের ধরণ ভিন্ন হতে পারে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন