রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:৩৪ এএম

জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম এখন ই-মেইল, যেখানে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন ডিটেইলস, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে। ইদানিং অনেকের জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

যেহেতু গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আগে থেকেই কয়েকটি জরুরি পদক্ষেপ করা দরকার।

প্রথমত, একটি শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি-মেইল পাসওয়ার্ড অবশ্যই সহজ অনুমানযোগ্য হওয়া উচিত নয়।

বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। মনে রাখা দরকার, একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয়ত, অ্যাকাউন্টের নিরাপত্তা বহুগুণ বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু করা জরুরি। এটি চালু থাকলে জি-মেইলে লগইন করার সময় পাসওয়ার্ডের পাশাপাশি ফোনে পাঠানো ওটিপি বা অ্যাপের অথেন্টিকেটর কোড ব্যবহার করে লগইন নিশ্চিত করা যায়, যা হ্যাকারদের জন্য অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন করে দেয়।

এছাড়াও নিরাপদ রিকভারি অপশন নির্ধারণ করা একটি আবশ্যকীয় কাজ। আপনার রিকভারি ইমেইল এবং ফোন নম্বর ঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান বা অ্যাকাউন্ট হ্যাক হয়, এই রিকভারি তথ্য দিয়ে সহজেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব। চতুর্থত, সন্দেহজনক লিঙ্ক এবং এটাচমেন্ট এড়িয়ে চলতে হবে। অজানা বা সন্দেহজনক ইমেইলে থাকা লিঙ্কে ক্লিক করা বা এটাচমেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত। কারণ ফিশিং অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা সহজেই আপনার লগইন তথ্য চুরি করতে পারে।

নিয়মিতভাবে সিকিউরিটি চেকআপ করা প্রয়োজন। জি-মেইলের সিকিউরিটি চেকআপ ফিচার ব্যবহার করে নিয়মিত আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা পরীক্ষা করতে পারেন এবং লগইন অ্যাক্টিভিটি, অনুমোদিত ডিভাইস, এবং তৃতীয় পক্ষের অ্যাপ এক্সেস যাচাই করতে পারেন।ষষ্ঠত, পাবলিক বা শেয়ার করা কম্পিউটার ব্যবহার এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। পাবলিক কম্পিউটার বা অজানা ওয়াইফাই থেকে লগইন করলে হ্যাকাররা আপনার তথ্য চুরি করতে পারে।

প্রয়োজনে লগইন করার পর সব সময় লগআউট করতে ভুলবেন না। এছাড়াও ব্রাউজার এবং ডিভাইস আপডেট রাখা জরুরি, কারণ অ্যাপ বা ব্রাউজার আপডেট না থাকলে নিরাপত্তা দুর্বল হয়ে যায়। সবসময় লেটেস্ট ভার্সন ব্যবহার করলে নতুন ধরনের হ্যাকিং থ্রেট থেকে সুরক্ষা পাওয়া যায়। সবশেষে, সন্দেহজনক অ্যাক্টিভিটি মনিটর করা উচিত। অ্যাকাউন্টে কোনো অচেনা লগইন, অজানা ডিভাইস বা অননুমোদিত সেটিং পরিবর্তন দেখা গেলে তা অবিলম্বে চেক করতে হবে এবং প্রয়োজনে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া উচিত।