রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন গুরুত্ব পেল ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৫১ পিএম

আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন গুরুত্ব পেল ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনা

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (ইডিজিই প্রকল্প) যৌথ সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও প্রযুক্তিবিদরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ যখন আধুনিক রাষ্ট্রের দিকে এগোচ্ছে, তখন শক্তিশালী ডেটা গভর্ন্যান্স অপরিহার্য।

নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না, নাগরিকদের তথ্য সুরক্ষায় এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বলেন, বর্তমান সময়ে ডেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। পেশাদার হিসাববিদরা ডেটার স্বচ্ছতা এবং নিয়ম মেনে ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যা সরকারি ও বেসরকারি খাতে মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।

সম্মেলনে তিনটি পৃথক অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়:

ডেটা সুরক্ষা নীতিমালা: নীতমালার বাস্তব প্রয়োগ ও প্রয়োগিক চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক মান: বৈশ্বিক মানের সঙ্গে বাংলাদেশের ডেটা ব্যবস্থাপনার তুলনা।

হিসাববিদদের ভূমিকা: ডেটা ব্যবস্থাপনায় পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের অবদান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শিশ হায়দার চৌধুরী, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বোকু এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। বক্তারা একমত হন যে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্ভরযোগ্য ডেটা গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।