রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুগল ট্রান্সলেটে বাংলার মাধ্যমে শেখা যাবে অন্য ভাষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:২০ পিএম

গুগল ট্রান্সলেটে বাংলার মাধ্যমে শেখা যাবে অন্য ভাষা

গুগল ট্রান্সলেটে নতুন ফিচার

গুগল ট্রান্সলেট অ্যাপে বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলা ভাষার মাধ্যমে অন্য ভাষা শেখার এবং সরাসরি কথোপকথন চালিয়ে যাওয়ার বিশেষ সুযোগ যুক্ত করেছে এই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গুগল ট্রান্সলেটের উন্নত ‘লাইভ ট্রান্সলেট’ ফিচারের মাধ্যমে এখন থেকে দুইজন ভিন্ন ভাষাভাষী মানুষ কোনো রকম জড়তা ছাড়াই সামনাসামনি বসে আলাপ করতে পারবেন। 

কেউ বাংলায় কথা বললে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তা অনুবাদ করে অপর প্রান্তের ব্যক্তির ভাষায় শুনিয়ে দেবে এবং একই সঙ্গে ফোনের পর্দায় সেই অনুবাদটি লেখা আকারে দেখাবে।

এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো এটি কথোপকথনের মধ্যকার বিরতি, মানুষের কণ্ঠস্বরের ওঠানামা এবং আঞ্চলিক টান খুব নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। ফলে ব্যবহারকারীকে বারবার কোনো বোতাম চাপতে হবে না, বরং একদম স্বাভাবিকভাবে একজন মানুষের সঙ্গে কথা বলার মতোই আলাপ চালিয়ে নেওয়া সম্ভব হবে।

 একইভাবে অপর প্রান্তের ব্যক্তি যখন তার নিজের ভাষায় কথা বলবেন, অ্যাপটি মুহূর্তের মধ্যে তা বাংলায় অনুবাদ করে ব্যবহারকারীকে শুনিয়ে দেবে। বর্তমানে বাংলা ছাড়াও হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং কোরিয়ানসহ ৭০টির বেশি ভাষায় এই আধুনিক সুবিধাটি চালু করা হয়েছে।যারা পেশাগত কাজ বা বিদেশে ভ্রমণের প্রয়োজনে দ্রুত নতুন কোনো ভাষা রপ্ত করতে চান, তাদের জন্য এই অ্যাপে একটি বিশেষ ‘প্র্যাকটিস’ সেশন বা অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। গুগল ট্রান্সলেট অ্যাপের ভেতরে থাকা এই অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারী ভাষা শেখার কার্যক্রম শুরু করতে পারবেন। 

এখানে গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাইয়ের সহায়তা নেওয়া হয়েছে। এটি ব্যবহারকারীর জন্য একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করে দেয়, যেখানে কথা বলা এবং শোনার মাধ্যমে ভাষা অনুশীলনের সুযোগ থাকে। অনুশীলনের সময় ব্যবহারকারী যদি কোনো শব্দ উচ্চারণে বা বাক্যের অর্থ বুঝতে সমস্যায় পড়েন, তবে অ্যাপটি তাকে বিশেষ সংকেত দিয়ে সাহায্য করবে। এই উদ্ভাবনী ফিচারের ফলে ভাষা শেখার জন্য এখন আর প্রথাগত মাধ্যমের ওপর নির্ভর না করলেও চলবে।