মার্চ ৪, ২০২৬, ০৯:০৪ পিএম
ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইফোন ১৭ সিরিজের নতুন সংস্করণ আইফোন ১৭ই উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সাশ্রয়ী মূল্যের এই নতুন ফোনে আধুনিক ক্যামেরা সিস্টেম, উন্নত কর্মক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সুরক্ষার সমন্বয় ঘটানো হয়েছে। আইফোন ১৭ই মডেলে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ-১৯ চিপ যা স্মার্টফোনটির গতি ও কার্যকারিতাকে আগের মডেলগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী করবে।
এর পাশাপাশি এতে সি-১এক্স মোডেম যুক্ত করা হয়েছে যা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দ্বিগুণ দ্রুতগতি নিশ্চিত করবে।ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনে রাখা হয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা।
এর মাধ্যমে ব্যবহারকারীরা উচ্চমানের পোট্রেট এবং ফোর-কে ডলবি ভিশন ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া অপটিক্যাল কোয়ালিটির টু-এক্স জুম সুবিধা একটি লেন্স দিয়েই দুটি ক্যামেরার কাজ করবে। ফোনটির ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লেতে দ্বিতীয় প্রজন্মের সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে যা সাধারণ স্ক্রিনের তুলনায় তিনগুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।
নতুন এই সংস্করণের অন্যতম আকর্ষণীয় দিক হলো এর স্টোরেজ ক্ষমতা। আইফোন ১৭ই মডেলে সর্বনিম্ন স্টোরেজ শুরু হচ্ছে ২৫৬ জিবি থেকে যা আগের মডেলগুলোর তুলনায় দ্বিগুণ। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্যবহারকারীরা যেন উচ্চ রেজোল্যুশনের ছবি এবং ভিডিও রাখার ক্ষেত্রে কোনো সংকটে না পড়েন সেজন্যই এই পরিবর্তন আনা হয়েছে। এছাড়া স্যাটেলাইট ফিচারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও জরুরি বার্তা পাঠানো এবং অবস্থান শনাক্ত করার বিশেষ সুবিধাও এতে রাখা হয়েছে।
আইফোন ১৭ই তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে যার মধ্যে রয়েছে আকর্ষণীয় সফট পিঙ্ক, ব্ল্যাক এবং হোয়াইট। ৪ মার্চ বুধবার থেকে বিশ্বজুড়ে এই ফোনের অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং আগামী ১১ মার্চ থেকে এটি সরাসরি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। অ্যাপল তাদের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই মডেলটি তৈরি করেছে যা বিশ্ব বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন