রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে অনার ৬০০ সিরিজ উন্মোচন, থাকছে এআই ভিডিও ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১০:৩৮ পিএম

দেশে অনার ৬০০ সিরিজ উন্মোচন, থাকছে এআই ভিডিও ফিচার

অনার ৬০০ সিরিজ উন্মোচন অনুষ্ঠান

দেশের বাজারে নতুন প্রিমিয়াম স্মার্টফোন অনার ৬০০ ৫জি সিরিজ উন্মোচন করেছে অনার। সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিরিজটি উন্মোচন করা হয়। এই স্মার্টফোনগুলোতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যা স্থির ছবি থেকে সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে সক্ষম।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ব্র্যান্ডের এআইওটি ভিশন নিয়ে বক্তব্য প্রদানের পাশাপাশি অতিথিদের জন্য এক্সপেরিয়েন্স জোন, ডিজে পারফরম্যান্স ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, প্রযুক্তি কেবল একটি যন্ত্র নয়, বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা।

অনার ৬০০ ৫জি সিরিজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ০.৯৮ মিমি বেজেল। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এটি বর্তমানে স্মার্টফোন খাতের সবচেয়ে সরু বেজেল। ফোনটির প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনে কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ ব্যবহার করা হয়েছে। 

এছাড়া সুরক্ষার জন্য ফোনটিতে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত থেকে ফোনটিকে রক্ষা করবে।উন্নত ফটোগ্রাফির জন্য এই সিরিজের ফোনে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। পেশাদার মানের ভিডিও নিশ্চিতে এতে যুক্ত হয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। পাশাপাশি একটি ডেডিকেটেড এআই বাটন রাখা হয়েছে, যা ‘এআই ইমেজ টু ভিডিও’ ফিচারের ব্যবহারকে আরও সহজ করবে। স্বল্প আলোয় নিখুঁত ছবির জন্য এতে উন্নত এআই কালার ইঞ্জিন এবং ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।

সিরিজের প্রো ভ্যারিয়েন্টে শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ এবং রেগুলার ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা দিতে ফোন দুটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে।

অনার বাংলাদেশ জানিয়েছে, প্রো ভ্যারিয়েন্টের ১২+২৫৬ জিবি মডেলের দাম ৯৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রেগুলার ভ্যারিয়েন্টে ৮+২৫৬ জিবি ও ১২+২৫৬ জিবির দুটি মডেলের দাম যথাক্রমে ৬৪,৯৯৯ টাকা এবং ৬৯,৯৯৯ টাকা। এছাড়া একই অনুষ্ঠানে ‘অনার ৬০০ লাইট’ উন্মোচন করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করতে পারবেন।