রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুগল ম্যাপসে সঠিক অবস্থান বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১২:২৫ এএম

গুগল ম্যাপসে সঠিক অবস্থান বুঝবেন যেভাবে

ছবি - সংগৃহীত

পথ চেনার জন্য গুগল ম্যাপস বর্তমান সময়ে আমাদের নিত্যসঙ্গী। তবে অনেক সময় দেখা যায়, ম্যাপে আমাদের বর্তমান অবস্থান একদম নিখুঁতভাবে দেখাচ্ছে না। গুগল ম্যাপস আপনার সঠিক অবস্থান শনাক্ত করতে পেরেছে কি না এবং অবস্থান নির্ভুল করার উপায় সম্পর্কে জেনে রাখা জরুরি।ম্যাপে আপনার অবস্থান বুঝতে নীল বিন্দুর দিকে তাকান।মূলত গুগল ম্যাপস আপনার বর্তমান অবস্থান বোঝানোর জন্য একটি নীল বিন্দু ব্যবহার করে। 

লক্ষ্য করলে দেখবেন, এই বিন্দুর চারপাশে একটি হালকা নীল রঙের বৃত্ত থাকে। এই বৃত্তটিই মূলত আপনার অবস্থানের নির্ভুলতা নির্দেশ করে। যদি নীল বিন্দুর চারপাশের বৃত্তটি আকারে ছোট হয়, তবে বুঝতে হবে অ্যাপটি আপনার অবস্থান খুব নির্ভুলভাবে শনাক্ত করেছে। আর বৃত্তটি বড় হওয়ার অর্থ হলো গুগল আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়; এটি নির্দেশ করে যে আপনি ওই পুরো নীল এলাকার ভেতরে যেকোনো জায়গায় থাকতে পারেন। এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং আপনার ফোনের সিগন্যালের ওপর ভিত্তি করে ম্যাপসের আত্মবিশ্বাসের মাত্রা।

গুগল ম্যাপস আপনার অবস্থান শনাক্ত করতে জিপিএস স্যাটেলাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের সিগন্যাল ব্যবহার করে। সিগন্যাল শক্তিশালী হলে অবস্থান নিখুঁত হয়। তবে কিছু ক্ষেত্রে নির্ভুলতা কমে যায়। যেমন—বিল্ডিংয়ের ভেতরে বা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে যাতায়াত করলে, অথবা চারপাশে অনেক উঁচু দালান থাকলে যা জিপিএস সিগন্যাল বাধাগ্রস্ত করে।

যদি দেখেন ম্যাপে নীল বৃত্তটি অনেক বড় দেখাচ্ছে, তবে কিছু পদ্ধতি অনুসরণ করে নির্ভুলতা বাড়ানো সম্ভব। কোনো নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে যুক্ত না থাকলেও ফোনের ওয়াই-ফাই অপশনটি চালু রাখুন। গুগল ম্যাপস আশেপাশের ওয়াই-ফাই রাউটার থেকে সংকেত নিয়ে আপনার অবস্থান আরও নির্ভুল করতে পারে। এছাড়া ফোনের কম্পাস ঠিক করতে ফোনটি হাতে নিয়ে বাতাসে ইংরেজিতে আট অক্ষরের ভঙ্গিতে কয়েকবার ঘোরান। সম্ভব হলে উঁচু দালান বা ছাদযুক্ত এলাকা থেকে সরে এসে খোলা জায়গায় দাঁড়ান। শক্তিশালী সিগন্যাল পেলে বড় নীল বৃত্তটি ছোট হয়ে আসবে, যার মানে হলো গুগল ম্যাপস এখন আপনার সঠিক অবস্থান শনাক্ত করতে পারছে।