রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ দিল ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১১:৪৯ এএম

কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ দিল ইউটিউব

Ai - ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রোধ এবং প্ল্যাটফর্মে নিম্নমানের কনটেন্টের বিস্তার ঠেকাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব।নির্দিষ্ট তিন ধরনের এআই-নির্ভর ভিডিওর মনিটাইজেশন বা আয়ের সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ইউটিউবের প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও থেকে আয় করা যাবে না। 

এর মধ্যে রয়েছে একই ধরনের বা বারবার পুনরাবৃত্তি করা ভিডিও, দর্শকদের আবেগকে বিভ্রান্ত বা অস্বস্তিতে ফেলার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট। এছাড়া স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি কিংবা আইনি পরামর্শের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে মানবসদৃশ কৃত্রিম বুদ্ধিমত্তার চরিত্র ব্যবহার করে তৈরি করা ভিডিওগুলোকে অপ্রামাণ্য বা ইন-অথেনটিক কনটেন্ট হিসেবে গণ্য করা হবে। এই ক্যাটাগরির কোনো ভিডিও থেকে আর কোনো ধরনের আর্থিক সুবিধা মিলবে না।

এআই কনটেন্ট নিয়ে প্ল্যাটফর্মটির আগের অবস্থানকে আরও স্পষ্ট ও কঠোর করে এই নীতিমালা আনা হয়েছে। মূলত গণহারে তৈরি নিম্নমানের ভিডিওর ছড়াছড়ি থামিয়ে মৌলিক, সৃজনশীল ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইউটিউবের দর্শক যাতে নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট ভিডিওতে ভরে না যায় এবং এর ফলে সাধারণ দর্শকের দেখার অভিজ্ঞতা নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিজ্ঞাপনদাতাদের আস্থা অটুট রাখতেই মানসম্মত ও তথ্যসমৃদ্ধ কনটেন্টকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।