রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, নতুন যে সুবিধা মিলবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৭:৫১ পিএম

চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, নতুন যে সুবিধা মিলবে

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

গত কয়েক বছরে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা এক শ কোটির মাইলফলক অতিক্রম করার পর এই নতুন আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত এবং সাবলীল হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী সপ্তাহ থেকে ফ্রি এবং গো প্ল্যানের ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো সীমা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড টেক্সট চ্যাট করার সুবিধা পাবেন। তবে ফাইল, ছবি, ভয়েস বা ইমেজ তৈরির মতো অন্যান্য বিশেষ সুবিধাগুলোর ক্ষেত্রে পূর্বের মতো নির্দিষ্ট ব্যবহারের সীমা বহাল থাকবে। নতুন এই ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারকারীদের ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে জিপিটি-৫ দশমিক ছয় লুনা, যা অপেক্ষাকৃত দ্রুত গতির একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।

জটিল ও কঠিন প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর পেতে নতুন একটি থিংক বাটন যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে চ্যাটবটটিকে আরও যুক্তিনির্ভর করে তোলা সম্ভব হবে। অন্যদিকে প্লাস ও প্রো সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫ দশমিক ছয় সল মডেলের উন্নত সংস্করণ চালু করা হয়েছে, যা ওয়েব গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে আরও বেশি নির্ভরযোগ্য। ব্যবহারকারীরা তাদের প্রয়োজনমতো চিন্তার মাত্রা নির্ধারণ করতে একটি থিংকিং স্লাইডারও ব্যবহার করতে পারবেন।প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে নতুন মডেলগুলোতে তথ্যগত ভুলের হার আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।