রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুরোনো জি-মেইল অ্যাকাউন্টের ঠিকানা বদলানোর সুযোগ দিচ্ছে গুগল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১২:১৩ পিএম

পুরোনো জি-মেইল অ্যাকাউন্টের ঠিকানা বদলানোর সুযোগ দিচ্ছে গুগল

শখের বশে খোলা অপ্রাতিষ্ঠানিক বা মজার ছলে তৈরি করা ই-মেইল ঠিকানা নিয়ে পেশাগত যোগাযোগের ক্ষেত্রে অস্বস্তিতে পড়া ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুবিধা নিয়ে আসছে গুগল। নতুন এই ব্যবস্থার মাধ্যমে পুরোনো অ্যাকাউন্ট বা সংরক্ষিত ডাটা পরিবর্তন না করেই সরাসরি জি-মেইল ঠিকানা বদলানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 

ফলে নতুন করে আরেকটি অ্যাকাউন্ট খোলার ঝুটঝামেলা আর পোহাতে হবে না।নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই-মেইল’ নামের এই নতুন ফিচারটি চালু করা হচ্ছে।গুগল অ্যাকাউন্ট বা জি-মেইল অ্যাপের সেটিংস অপশনে প্রবেশ করে এই সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। 

প্রোফাইল অপশনের প্রফেশনাল ইনফো বিভাগ থেকে ই-মেইল নির্বাচন করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করলেই নতুন ইউজারনেম পছন্দ করার সুযোগ মিলবে। তবে ইতিপূর্বে অন্য কেউ ব্যবহার করেছে এমন কোনো ঠিকানা এক্ষেত্রে নির্বাচন করা যাবে না। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফিচারটি ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে, তাই সব অ্যাকাউন্টধারীর কাছে এটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।এই সেবা ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতাও নির্ধারণ করেছে গুগল।

সাধারণ নিয়মে একজন ব্যবহারকারী বছরে কেবল একবার নিজেদের জি-মেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন এবং পুরো অ্যাকাউন্টের লাইফটাইমে সর্বোচ্চ তিনবার ইউজারনেম বদলানোর সুযোগ থাকবে। ঠিকানা পরিবর্তনের পরও পুরোনো ই-মেইল ঠিকানা পুরোপুরি হারিয়ে যাবে না; বরং সেটি অ্যাকাউন্টের সঙ্গে অ্যালিয়াস হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরোনো ঠিকানায় আসা যেকোনো বার্তা ব্যবহারকারী আগের মতোই নিরবচ্ছিন্নভাবে পেতে থাকবেন।