বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল এড়িয়ে চলবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৪:১৫ পিএম

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল এড়িয়ে চলবেন

Ai - ছবি

আধুনিক জীবনে স্মার্টফোন ছাড়া একটি দিনও কল্পনা করা কঠিন। আর এই অতিপ্রয়োজনীয় যন্ত্রটির প্রধান চালিকাশক্তি হলো এর ব্যাটারি। তবে প্রতিদিন ফোন চার্জ দেওয়ার সময় আমরা এমন কিছু সাধারণ ভুল করে থাকি, যা অজান্তেই শখের স্মার্টফোনের দীর্ঘমেয়াদি ক্ষতি করে চলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে ফোন চার্জিংয়ের এমনই পাঁচটি মারাত্মক ভুলের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারা রাত ফোন চার্জে লাগিয়ে রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বর্তমানের লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো শতভাগ চার্জ হওয়ার পরও দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগে থাকলে এর ধারণক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া ফোন চার্জ দেওয়ার সময় বিছানায় বা বালিশের নিচে রাখা আরেকটি বড় ভুল। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অ্যাপল ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে।

তৃতীয় ভুলটি হলো সস্তা ও নামহীন চার্জিং ক্যাবল বা অ্যাডাপ্টারের ব্যবহার। আসল চার্জার হারিয়ে গেলে অনেকেই বাজার থেকে কম দামের ক্যাবল কিনে নেন, যা সঠিক মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না এবং ডিভাইসটিকে মারাত্মকভাবে উত্তপ্ত করে তোলে। অন্যদিকে ফোনের চার্জ বাঁচাতে বিভিন্ন ধরনের ব্যাটারি-সেভিং অ্যাপের ব্যবহারকেও নিরুৎসাহিত করা হয়েছে। আইফোনে এগুলো খুব একটা কাজে আসে না, উল্টো অ্যান্ড্রয়েড ফোনে এসব অ্যাপ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

চার্জে থাকা অবস্থায় এইচডি ভিডিও দেখা বা ভারী গ্রাফিক্সের গেম খেলা ব্যাটারির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়। তাই চার্জ হওয়ার সময় ফোনটিকে বিশ্রাম দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দৈনন্দিন এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চললে স্মার্টফোনের আয়ু এবং নিরাপত্তা উভয়ই নিশ্চিত করা সম্ভব বলে জানানো হয়েছে।