সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:২১ পিএম
গুগল ফটোসে ছবি ও ভিডিও জমতে জমতে কখন যে স্টোরেজ পূর্ণ হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। এর সঙ্গে রয়েছে আরেকটি বিষয়; গুগলের বিনামূল্যের পনেরো জিবি স্টোরেজ শুধু গুগল ফটোসের জন্য নয়, জিমেইল ও গুগল ড্রাইভও একই স্টোরেজ ব্যবহার করে। ফলে জায়গা শেষ হয়ে গেলে নতুন ছবি বা ভিডিও ব্যাকআপে সমস্যা দেখা দিতে পারে। তবে স্টোরেজ বাড়াতে সবসময় টাকা খরচ করে অতিরিক্ত জায়গা কেনার প্রয়োজন নেই।
অপ্রয়োজনীয় ফাইলগুলো একটু গুছিয়ে সরিয়ে ফেললেই বেশ কিছুটা স্টোরেজ খালি করা সম্ভব। গুগল ফটোসের স্টোরেজ খালি করার সহজ উপায়ের মধ্যে প্রথমে রয়েছে স্ক্রিনশট ও ঝাপসা ছবি মুছে ফেলা। ফোনের পুরোনো স্ক্রিনশট, ঝাপসা ছবি কিংবা অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ছবি ম্যানেজ স্টোরেজ অপশন থেকে চিহ্নিত করে মুছে ফেললে দ্রুত জায়গা খালি হয়।
দ্বিতীয়ত, স্টোরেজ দ্রুত পূর্ণ হওয়ার অন্যতম কারণ বড় আকারের ভিডিও। তাই ছোট ছবি মুছে সময় ব্যয় না করে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস বিভাগে গিয়ে বড় ফাইলগুলো আগে ডিলিট করা উচিত। তৃতীয়ত, ছবি বা ভিডিও ডিলিট করার পর তা ট্র্যাশে জমা থাকে, তাই লাইব্রেরির ট্র্যাশ বিভাগ থেকে ফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলতে হবে।
চতুর্থত, জিমেইল ও গুগল ড্রাইভে থাকা বড় অ্যাটাচমেন্ট বা অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করতে হবে, কারণ এই সেবাগুলো একই স্টোরেজ শেয়ার করে। পঞ্চমত, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপের অপ্রয়োজনীয় ফোল্ডারের অটো-ব্যাকআপ বন্ধ করে দিলে ভবিষ্যতে স্টোরেজ পূর্ণ হওয়ার আশঙ্কা কমে যায়। মাসে অন্তত একবার এই নিয়মগুলো অনুসরণ করলে অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই গুগলের বিনামূল্যে দেওয়া স্টোরেজ কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন