সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৫২ পিএম
বৃষ্টি কখন নামবে, কোথায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কিংবা তাপমাত্রা কীভাবে ওঠানামা করবে—তা আরও দ্রুত ও নির্দিষ্টভাবে জানাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছে গুগল। ওয়েদারনেক্সট ৩ নামের এই বৈশ্বিক মডেলটি প্রতি ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তৈরি করতে সক্ষম। বিশেষ করে আগের সংস্করণের তুলনায় এটি স্থানীয় পর্যায়ের আবহাওয়া বিশ্লেষণে অনেক বেশি পারদর্শী।
নতুন এই মডেলটি আগের সংস্করণের চেয়ে বৃষ্টির পূর্বাভাসে ষাট শতাংশ বেশি কার্যকর। গুগল ডিপমাইন্ডের তথ্যমতে, এই মডেলে আগের ওয়েদারনেক্সট ২-এর তুলনায় দুই দশমিক চার গুণ বেশি প্যারামিটার যুক্ত করা হয়েছে। এর ফলে তাপমাত্রা ও আর্দ্রতার পূর্বাভাস পাঁচ কিলোমিটার এবং বাতাসের গতির মতো ভূপৃষ্ঠীয় তথ্য দশ কিলোমিটার পর্যন্ত সূক্ষ্মতায় বিশ্লেষণ করা সম্ভব।
সরাসরি স্যাটেলাইটের ছবি এবং নির্দিষ্ট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য ব্যবহার করে এটি কাজ করে। প্রতি ঘণ্টায় নতুন পর্যবেক্ষণ তথ্য যুক্ত হওয়ার কারণে এটি দ্রুত আবহাওয়া পরিবর্তন শনাক্ত করতে পারে। সাধারণত সুপারকম্পিউটারে জটিল গাণিতিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্লেষণ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হলেও নতুন এআই ব্যবস্থা দ্রুত ফল দেয়।
এই মডেলের তৈরি আগাম তথ্য গুগল সার্চ, গুগল ম্যাপস ও জেমিনাই প্ল্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও ব্যবসা পরিচালনায় কাজে লাগানো যাবে। নির্দিষ্ট এলাকার আবহাওয়া অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণের এই সক্ষমতা কৃষি ব্যবস্থাপনা, নৌপরিবহন ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন