অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৪৬ পিএম
এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটি তাদের পুরোনো ডোমেইন twitter.com শিগগিরই সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে যাচ্ছে। এর ফলে, যেসব ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ইউবিকি (YubiKey) বা পাসকি (Passkey)-এর মতো হার্ডওয়্যার সিকিউরিটি কি ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রেখেছেন, তারা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন।
এক্স জানিয়েছে, twitter.com ডোমেইন বন্ধ হয়ে যাওয়ার পর, ওই ডোমেইনে সেটআপ করা পুরনো পাসকি বা ইউবিকি আর কাজ করবে না। ফলে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না বা অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে, ব্যবহারকারীদের অবশ্যই আগামী ১০ নভেম্বরের আগে নতুন ডোমেইন x.com-এ গিয়ে তাদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতিটি নতুনভাবে সেটআপ করতে হবে।
তবে যেসব ব্যবহারকারী টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য অথেনটিকেটর অ্যাপ (যেমন Google Authenticator) অথবা এসএমএস পদ্ধতি ব্যবহার করেন, তাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তারা আগের মতোই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই সতর্কতাটি শুধুমাত্র হার্ডওয়্যার সিকিউরিটি কি ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
ব্যবহারকারীরা খুব সহজেই যাচাই করে দেখতে পারেন তারা এই ঝুঁকির আওতায় আছেন কিনা। এর জন্য এক্স অ্যাকাউন্টের Settings & Privacy মেনুতে যেতে হবে। এরপর Security & Account Access থেকে Security এবং সেখান থেকে Two-Factor Authentication অপশনে গেলেই দেখা যাবে কোন পদ্ধতিটি সক্রিয় আছে। যদি সেখানে ইউবিকি বা পাসকি সক্রিয় দেখানো হয়, তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
অ্যাকাউন্ট লক হওয়া এড়াতে, ব্যবহারকারীকে x.com ওয়েবসাইটে লগইন করে বিদ্যমান পাসকি বা ইউবিকি মুছে ফেলে (Remove) তা আবার নতুন করে সেটআপ করতে হবে। এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ নভেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন না করলে অ্যাকাউন্টে লগইন করা সম্ভব নাও হতে পারে। এক্স সবসময়ই ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে এবং নিয়মিত নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন