ডিসেম্বর ৫, ২০২৫, ১২:৩৫ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফেডারেল সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার তাকে এই নতুন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন।
জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নিয়োগ আন্তর্জাতিক মহলে এবং পাকিস্তানের সামরিক রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল পদে উন্নীত আসিম মুনির পরবর্তী পাঁচ বছর সেনাবাহিনীর প্রধান (সিওএএস) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের দাবি অনুযায়ী, গত মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে ‘বিজয়’ অর্জনের পরই জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়। দেশটিতে ছয় দশকেরও বেশি সময় পর তিনিই এই ধরনের সম্মাননা অর্জন করলেন। নিয়োগের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে তিনি বলেন, "সবকিছু ঠিক আছে, উন্নতির দিকেই যাচ্ছে। এখান থেকে পাকিস্তান আরও উচ্চতায় উঠবে।"অন্যদিকে, প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিদ্দুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তার বর্তমান মেয়াদ শেষ হবে মার্চ ২০২৬-এ।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী, দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকেই সফল মেয়াদ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জিও নিউজ আরও জানিয়েছে, পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ অনুমোদনের পর দেশটির সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। এরমধ্যে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিএসসি) পদটি বাতিল করা হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, ফিল্ড মার্শালের ক্ষমতা নির্ধারণকারী সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ এখন ওই পদে উন্নীত যেকোনো জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রয়োজনে সরকার ভাইস চিফ বা ডেপুটি চিফকে সিওসএফের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিতে পারবে। ২৭তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সিজেসিএসসি পদ বিলুপ্ত হয় এবং জেনারেল (অব.) সাহির শামশাদ মির্জা ছিলেন এ পদের শেষ কর্মকর্তা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন