ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:১৭ পিএম
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ২০২৬ সালের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের জন্য প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে।
যা আগের খসড়া বাজেটের ৯০ বিলিয়ন শেকেলের চেয়ে ২২ বিলিয়ন শেকেল বেশি। আল আরাবিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্রতিরক্ষা ব্যয় কাঠামোর বিষয়ে একমত হয়েছেন। মন্ত্রিসভা আগামী বছরের বাজেট নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু করেছে, যা আগামী মার্চের মধ্যে সংসদে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
কাৎজ বলেছেন, সামরিক বাহিনী শক্তিশালী করা, যোদ্ধাদের চাহিদা পূরণ করা এবং রিজার্ভ বাহিনীর বোঝা কমানোর কাজ চালিয়ে যাওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা প্রতিটি ফ্রন্টে ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি সেনাবাহিনী শক্তিশালী করা, যোদ্ধাদের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা এবং রিজার্ভ বাহিনীর ওপর বোঝা কমাতে কাজ চালিয়ে যাব।
স্মোত্রিচের অফিস জানিয়েছে, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, "আমরা এই বছর সেনাবাহিনীকে শক্তিশালী করতে একটি বিশাল বাজেট বরাদ্দ করছি। এমন একটি বাজেট যা আমাদের ইসরাইল রাষ্ট্রকে নাগরিকদের জন্য উন্নয়ন এবং স্বস্তির পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।" এই বিপুল বাজেট বৃদ্ধি আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন