ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৪২ এএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এই সামরিক অভিযান চালানো হয়।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মূলত রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ইসরাইলের দাবি, হিজবুল্লাহ এই স্থানটিকে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের কাজে ব্যবহার করত।
গত ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল বেশ কয়েকবার লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে।
দক্ষিণ ও পূর্ব লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা গেছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে, তারপরেও এই ধরনের আক্রমণ অব্যাহত থাকায় লেবানন সীমান্তে উত্তেজনা আবারও বেড়েছে।ইসরাইল এই অভিযানকে হিজবুল্লাহর হুমকি দূর করার প্রচেষ্টা হিসেবেই তুলে ধরেছে। তারা স্পষ্ট জানিয়েছে যে, সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহর হুমকি সম্পূর্ণরূপে অপসারিত না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা অব্যাহত থাকতে পারে।
এর অংশ হিসেবে লেবানন সীমান্তে পাঁচটি প্রধান স্থানে ইসরাইলি সেনাবাহিনী এখনও সেনা মোতায়েন রেখেছে। ইসরাইল হিজবুল্লাহর শক্তি ও যুদ্ধ প্রস্তুতির ওপর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং যেকোনো ধরনের আন্তঃসীমান্ত আক্রমণ প্রতিহত করতে তারা প্রস্তুত বলে সামরিক বাহিনী থেকে জানানো হয়েছে। এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন