সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:৫০ পিএম

ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের পণ্যের ওপর একই পথে হাঁটল মেক্সিকো। দেশটি এশিয়ার বেশ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্যচুক্তি নেই।

এনডিটিভির খবরে জানা গেছে, জাতীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে এবং নতুন শুল্কহার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মেক্সিকোর সরকারি নথি অনুযায়ী, অটোপার্টস, লাইট কার, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার, কাচ, সাবান, সুগন্ধি ও কসমেটিকসসহ বহু পণ্যে এই শুল্ক আরোপ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, এই নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে ভারতের বৃহৎ গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফক্সওয়াগন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকির মতো প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। গাড়ির ওপর আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাতগুলোর মধ্যে একটি বড় ধাক্কা খাবে।

ভারতের অটোমোবাইল শিল্প সংগঠন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। তারা জানিয়েছে, শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত ভারতের গাড়ি রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলবে এবং তারা চান ভারত সরকার মেক্সিকোর সঙ্গে এই বিষয়ে দ্রুত আলোচনায় বসুক। মেক্সিকো বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানি বাজার। দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের পরই দেশটির অবস্থান। তাই এত বড় শুল্ক বৃদ্ধি ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন।