ডিসেম্বর ২০, ২০২৫, ১২:০২ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের পরিচিত মুখ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক। এই ঘটনার কারণ অনুসন্ধানে তিনি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ভলকার টুর্ক বলেন:কর্তৃপক্ষকে অবশ্যই হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে দ্রুত, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে।
মানবাধিকার রক্ষার স্বার্থে এই সহিংস ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশে হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ভলকার টুর্ক দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।এদিকে, শরিফ ওসমান হাদির দাফন ও জানাজা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইনকিলাব মঞ্চ।আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে।পরিবারের দাবির ভিত্তিতে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হাদির মরদেহবাহী বিমানটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে কফিনটি সরাসরি হিমাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকালে মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদি শাহাদাত বরণ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আগামীকাল সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন