ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৪৩ এএম
ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ কৌশলগত শহর ওডেসা বন্দরে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। হামলার পর বন্দরের পার্কিং এলাকায় থাকা অসংখ্য ট্রাকে আগুন ধরে যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান:ওডেসা বন্দরে আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার ফলে পার্কিং লটে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তিনি আরও জানান, আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা সাতজন হলেও এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।ওডেসা হলো ইউক্রেনের প্রধান বন্দরশহর এবং কৃষ্ণসাগর তীরবর্তী শস্য রপ্তানির মূল কেন্দ্র। এখানে মোট তিনটি বন্দর রয়েছে, যা দিয়ে ইউক্রেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য সামগ্রী রপ্তানি করে থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া বারবার এই বন্দরগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা অঞ্চলে রুশ বিমান হামলা তীব্রতর হয়েছে। বিশেষ করে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি ব্যাহত করতেই রাশিয়া এই বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তবে এই সর্বশেষ হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।ওডেসার এই বন্দরগুলো ধ্বংস হওয়ার ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন