ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২৯ পিএম
হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস ও ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম রজব মাসের চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেলে দেশটির আবুধাবিতে নতুন মাসের এই চাঁদ সফলভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
এর মধ্য দিয়ে আজ রোববার ২১ ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে রজব মাস শুরু হলো। মুসলমানদের কাছে এই মাসটির গুরুত্ব অপরিসীম কারণ রজবের আগমনের সঙ্গেই শুরু হয় পবিত্র রমজান মাসের চূড়ান্ত মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি।
রজবের পর শাবান মাস শেষ হলেই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।আবুধাবির আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রজবের এই চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীনে পরিচালিত এই মানমন্দিরে শনিবার বিকেল সাড়ে ৪টায় চাঁদের ছবি ধারণ করা হয়। তখন চাঁদ সূর্য থেকে প্রায় ৬.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল। ওসামা ঘান্নাম ও মোহাম্মদ আওদাসহ চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল এই পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে রজব মাস শুরু হওয়ার অর্থ হলো এখন থেকে প্রায় ৬০ থেকে ৬১ দিন পরই রমজানের চাঁদ আকাশে দেখা যেতে পারে। যদিও সঠিক তারিখটি নির্ভর করবে শাবান মাসের শেষে চাঁদ দেখার ওপর।
রজব মাস মুসলিম বিশ্বে বরকতময় মাস হিসেবে বিবেচিত। এ মাসেই ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা শবে মেরাজ পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই সময় থেকেই রমজানের রোজা রাখার প্রস্তুতি হিসেবে নফল রোজা ও বিশেষ ইবাদতে মশগুল থাকেন। আমিরাতের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এখন সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রমজানের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশে আজ রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে দেশের আকাশে রজবের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন