সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুইডেনে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৩৩ পিএম

সুইডেনে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার ঘৃণ্য পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নেমেছেন শত শত মানুষ। শনিবার স্থানীয় সময় বিকেলে স্টকহোমের ওডেনপ্ল্যান স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারের নজিরবিহীন সহিংসতার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনকে মুক্ত করো’খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ এবং ‘পশ্চিম তীরের অবৈধ অধিগ্রহণ বন্ধ করো এমন জোরালো স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

পরে একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সুইডিশ পার্লামেন্টের সামনে গিয়ে অবস্থান নেয়। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে ‘ইসরায়েল যুদ্ধবিরতি মানছে না’ এবং ‘গাজায় গণহত্যা বন্ধ করো’ এমন দাবিগুলো স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে তীব্র শীতের কবলে পড়ে গাজা ও পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিরা যে চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সমাবেশে অংশগ্রহণকারীরা। মালিন আকেরস্ট্রম নামে এক বিক্ষোভকারী বলেন যে শীতের কারণে গাজায় বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তবে বড় ধরণের ট্র্যাজেডি ঘটবে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিরীহ মানুষের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।বিক্ষোভের এই ঢেউ কেবল সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুইডেনের রাজনৈতিক মহলেও এর প্রভাব দেখা গেছে। ইতোমধ্যে ১০০ জনেরও বেশি সুইডিশ আইনপ্রণেতা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সুইডিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে বিশ্ব নেতাদের প্রতি বার্তা দেওয়া হয় যে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই ধরণের আন্দোলন অব্যাহত থাকবে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি প্রকাশ করে এই কর্মসূচি থেকে সুইডিশ সরকারের প্রতিও কূটনৈতিক চাপ বাড়ানোর দাবি জানানো হয়।