রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৬ যাত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৪৪ পিএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৬ যাত্রী

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতের পর সেন্ট্রাল জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক টোল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে যে ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী জাকার্তা থেকে ঐতিহাসিক শহর যোগ্যাকার্তার দিকে যাচ্ছিল।

একটি বাঁকানো এক্সিট র‌্যাম্পে ঢোকার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি প্রথমে একটি কংক্রিট ব্যারিয়ারে সজোরে ধাক্কা দেয় এবং পরবর্তীতে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের ভেতর থেকে অনেক যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

উদ্ধারকারী দলের প্রধান বুদিওনো জানিয়েছেন যে খবর পাওয়ার প্রায় ৪০ মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন।

সেখানে ছয়জন যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি ১০ জন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনাকবলিত বাসের আরও ১৮ জন যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে দুর্ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বাসের ভেতরে চাপা পড়ে থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান রিবুত হারি উইবোও প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান যে প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক বাসের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপর্যয় নেমে এসেছে। জানা গেছে দুর্ঘটনার সময় বাসটির নিয়মিত চালকের পরিবর্তে অন্য একজন বাসটি চালাচ্ছিলেন।

ওই চালক বর্তমানে আহত অবস্থায় পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার রক্তে মাদক বা কোনো নেশাজাতীয় দ্রব্যের উপস্থিতি আছে কি না তা পরীক্ষা করে দেখা হবে। ইন্দোনেশিয়ায় প্রায়ই সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।