ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:৩৫ পিএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর পুরো বাংলাদেশ। এই শোকের আবহে শামিল হয়েছেন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।
আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর এই বার্তায় বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও জননেত্রী হিসেবে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলার প্রভাবশালী নেত্রী মমতা ব্যানার্জির এই শোকবার্তা দুই বাংলার মানুষের আবেগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মোদি তাঁর বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা এবং ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই কালজয়ী নেত্রী। তাঁর মৃত্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃত্বের পক্ষ থেকে শোকবার্তা আসার ধারা অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন