ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১৮ এএম
গাজায় কর্মরত ডক্টরস উইদাউট বর্ডারসসহ (MSF) তিন ডজনেরও বেশি মানবিক সংস্থার কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। তেলআবিবের অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কাজ করা এই দাতা গোষ্ঠীগুলো ইসরাইলের দেওয়া নতুন নিয়মাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আগামী বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, সংস্থাগুলো তাদের কর্মী, তহবিল এবং কার্যক্রম সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য দেওয়া বিশেষ শর্তাবলি পূরণ করেনি। নিষেধাজ্ঞার মুখে থাকা ৩৭টি সংস্থার তালিকায় রয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল।
কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি, অক্সফাম এবং কারিতাস-এর মতো বিশ্বখ্যাত মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান।ইসরাইল বিশেষ করে ডক্টরস উইদাউট বর্ডারসের তীব্র সমালোচনা করে দাবি করেছে, সংস্থাটি তাদের কর্মীদের ভূমিকা স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে এবং তারা হামাসের সঙ্গে সহযোগিতা করছে। তবে ডক্টরস উইদাউট বর্ডারস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংস্থাটি বলছে, ইসরাইলের এই সিদ্ধান্ত গাজায় চলমান চিকিৎসা সেবার ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। গাজায় কর্মরত বৃহত্তম চিকিৎসা গোষ্ঠীগুলোর মধ্যে একটি হিসেবে তারা এই সিদ্ধান্তকে অমানবিক বলে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ইসরাইল কর্তৃক আরোপিত এই নতুন নিয়মগুলো সম্পূর্ণ 'স্বেচ্ছাচারী' এবং এর লক্ষ্য হলো মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা। তেলআবিব জানিয়েছে, গাজায় কর্মরত ৩৭টি গোষ্ঠীর কাজের পারমিট আর নবায়ন করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইতিমধ্যে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য এই সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হবে। এর ফলে উপত্যকায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ বিতরণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন